বান্দরবানের বাঘমারা বাজারে টোল আদায় নিয়ে হয়রানির প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ জানানোর পর টোল বাতিল করেছে জেলা পরিষদ।
সোমবার (৭ জুলাই) সকালে ওই এলাকার স্থানীয় লোকজন, জুম চাষী ও ব্যবসায়ীরা হয়রানির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে তারা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখার পর জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের নির্দেশে বাজার ফান্ড কর্তৃপক্ষ বাঘমারা বাজারের ইজারা বাতিল করে।
স্থানীয় ব্যবসায়ী ও জুম চাষিরা অভিযোগ করে বলেছেন- সম্প্রতি জেলা পরিষদের বাজার ফান্ড কর্তৃপক্ষ বাঘমারা বাজারের ইজারা দেয়ার পর থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী সাধারণ ব্যবসায়ী, জুমচাষীসহ বিভিন্ন জনের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করছিলেন। কোনো কোনো সময় ইজারার নিয়ম ভঙ্গ করে বাজারের বাইরের ব্যবসায়ী ও চাষিদের কাছ থেকেও জোরপূর্বক টোল আদায় করেছেন তারা। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর জানিয়েছেন, স্থানীয়রা জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাজার ফান্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধেন্দু বিকাশ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, গত মাসে এটি দুই লাখ ৮৫ হাজার টাকায় রোয়াংছড়ির মাওসেতুং তঞ্চঙ্গ্যার নামে ইজারা দেয়া হয়েছিল। তবে তার জায়গায় অন্য কেউ ইজারার টাকা তোলা নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ায় এটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ইজারার নিয়ম-নীতি মেনেই টোল আদায় করা হচ্ছিল। মূল ইজারাদার রোয়াংছড়ির যুবদল নেতা মাওসেতুং কাছ থেকে তারা এটি নিয়ে ইজারার টাকা তুলছিলেন বলে তিনি জানান।



