মাদারগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের এক দিন পর ভাঙ্গারির দোকান থেকে ফকির আলী নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ; ধারণা করা হচ্ছে স্ট্রোকে মৃত্যু।

Location :

Madarganj
মাদারগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ
মাদারগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফকির আলী ওই এলাকার হরমুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গারি ব্যবসা করে আসছিলেন এবং দোকানেই রান্না করে খাওয়া-দাওয়া ও রাতযাপন করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার পর থেকে ফকির আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে দুর্গন্ধ পায়। বিষয়টি জানাজানি হলে মুহূর্তের মধ্যে দোকানের সামনে শত শত মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের শাটার খুলে ভেতর থেকে ফকির আলীর লাশ উদ্ধার করে।

তার ছেলে আশিক বলেন, আমার বাবা দোকানেই থাকতেন। সেখানে নিজেই রান্না করে খেতেন এবং ভাঙ্গারি ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে আমার মায়ের সাথে যোগাযোগ ছিল না।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, প্রাথমিকভাবে লাশ দেখে এবং ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে, প্রচণ্ড গরমে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

Topics