ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির বার্ষিক সাধারণ সভায় তিন বছরের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমান সভাপতি ও ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ত্রিশাল সমিতি ময়মনসিংহের আয়োজনে ইফতার মাহফিল ও সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সাধারণ সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমদ, আজাহারুল ইসলাম, সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ প্রমুখ।
দ্বিতীয় পর্বে সর্বসম্মতভাবে আগামী তিন বছরের জন্য ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকনকে নির্বাচিত করা হয়। পরে ইফতার মাহফিলে সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতিসহ সকল মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


