কটিয়াদীতে টেটাবিদ্ধ হয়ে বিএনপি নেতা নিহত

১৭ বছর ধরে জমি ও দোকান নিয়ে আমাদের মাঝে বিরোধ চলে আসছিল। বাবার জীবদ্দশায় জমিজমা বণ্টন করে দিলেও তারা জোরপূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ঢিল দিলে সে সরে যায়। তার টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
টেটাবিদ্ধ হয়ে বিএনপি নেতা নিহত
টেটাবিদ্ধ হয়ে বিএনপি নেতা নিহত |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে আপন বড় ভাইয়ের সাথে পারিবারিক বিরোধের জেরে এক মারামারির ঘটনায় টেটাবিদ্ধ হয়ে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার ছেলে মো: কাঁকন মিয়া (১৮)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবং আহত কাঁকন মিয়া ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর বাদল মাহমুদুর রহমান কামাল মেম্বারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাহমুদুর রহমানের মাথায় ও তার ছেলে কাঁকন মিয়ার হাতে টেটাবিদ্ধ হয়।

নিহত মাহমুদুর রহমান উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা এবং মাথায় ও হাতে বিদ্ধ টেটা অপসারণের জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। নিহত কামাল মেম্বারের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহারকে আটক করে পুলিশ।

জানা যায়, মাহমুদুর রহমান কামালের সাথে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষ হয়।

টেটাবিদ্ধ কামাল মেম্বারের বড়ভাই জালাল উদ্দিন বলেন, ১৭ বছর ধরে জমি ও দোকান নিয়ে আমাদের মাঝে বিরোধ চলে আসছিল। বাবার জীবদ্দশায় জমিজমা বণ্টন করে দিলেও তারা জোরপূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ঢিল দিলে সে সরে যায়। তার টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মো: শাহরিয়ার অনিক জানান, টেটাবিদ্ধ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও টেটা অপসারণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইজন টেটাবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নিহত কামাল মেম্বারের মেয়ে ইসরাত জাহান করবী একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহারকে আটক করা হয়েছে।