বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘অবৈধভাবে খাল দখলকারীদের উৎখাত করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সে সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের এই খালটি প্রশস্ত করা হয়েছিল এবং তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’
রোববার (০৩ মে) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারস্থ খালটি ময়লা আর্বজনায় ভরাট ও দখলমুক্ত করার লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মক্ত করেনি। খালগুলোর বেশির ভাগই ময়লা আর্বজনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে। গোবিন্দাসীর এই খালটির বিষয়ে বাজারের সকলের সাথে আলোচনা করে দখলসহ ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
যমুনা সেতু পূর্ব পাড় ভূঞাপুরে বেগম খালেদা জিয়া বহুমুখী বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চল প্রসঙ্গে সংসদ সদস্য সালম পিন্টু বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। যমুনা সেতু পূর্বপাড়ে একটি অর্থনৈতিক অঞ্চল করার জন্যে। কেননা নদী ভাঙন কবলিত এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে, বাড়ি-ঘর নষ্ট হয়েছে। অর্থনৈতিক অঞ্চল হলে এলাকার নানা শ্রেণি পেশার মানুষদের কর্মসংস্থান হবে। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এটি করার জন্য চেষ্টা করেছিলেন। আমি আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটি বাস্তবায়ন করা সম্ভব।’
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকার খাল ও গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনঃখালখনন কর্মসূচি উদ্বোধন করেন।



