ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল শুধু একটি আসনের জয় নয়; এটি একটি রাজনৈতিক ইতিহাসের পুনরুদ্ধার। দীর্ঘ ৩৫ বছর পর বাবার হারানো আসন উদ্ধার করলেন ছেলে। বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর এই বিজয় নান্দাইলের রাজনীতিতে ফিরে এনেছে স্মৃতি, আবেগ ও উত্তরাধিকারভিত্তিক রাজনীতির নতুন অধ্যায়।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ইয়াসের খান চৌধুরী পেয়েছেন ৮৫ হাজার ৪৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ কে এম আনোয়ার হোসেন চান পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট। ভোটের ব্যবধানই বলে দেয়, এটি কেবল দলীয় জয় নয়; বরং ভোটারদের আস্থার প্রতিফলন।
বাবার পথেই প্রত্যাবর্তন :
১৯৯১ সালে এই নান্দাইল আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব। জাতীয় রাজনীতির পাশাপাশি শিক্ষাঙ্গনেও তার সক্রিয় ভূমিকা ছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ছিলেন।
বাবার সেই আসন দীর্ঘদিন ধরে পরিবারের নাগালের বাইরে থাকলেও স্মৃতিতে ছিল অমলিন। সময়ের ব্যবধানে বদলেছে রাজনীতি, বদলেছে প্রজন্ম। তবু ভোটারদের কাছে সেই নাম ও ঐতিহ্য আজও বিশ্বাসের জায়গা ধরে রেখেছে।
প্রবাস থেকে রাজনীতির মাঠে :
ইয়াসের খান চৌধুরী পেশাগত জীবনে একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন তিনি বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্যপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রবাসী জীবনের নিরাপদ অবস্থান ছেড়ে দেশে ফিরে তিনি যুক্ত হন এলাকার রাজনীতিতে। ধীরে ধীরে তৃণমূলে কাজ করে দলের আস্থা অর্জন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন অনেকেই। তবে সংগঠন, গ্রহণযোগ্যতা ও পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের সমন্বয়ে শেষ পর্যন্ত দলের মনোনয়ন আসে ইয়াসেরের ঘরেই। মনোনয়ন পাওয়ার পর ছয়জন প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতায় নেমে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণা চালান তিনি।
রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতা :
ইয়াসের খান চৌধুরীর পরিবারে রাজনীতি নতুন কিছু নয়। তার চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য। ফলে নান্দাইলের ভোটারদের কাছে এই পরিবার দীর্ঘদিন ধরেই পরিচিত নাম।
মানবিক রাজনীতির অঙ্গীকার :
নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বাবার স্বপ্ন ছিল আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করব। তার মানবিক রাজনীতি খুব কাছ থেকে দেখেছি। সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, সেই পথেই আমি হাঁটতে চাই।’
নান্দাইলবাসীর চোখে এই জয় শুধু একটি সংসদীয় আসনের ফল নয়; এটি অতীতের সাথে বর্তমানের সংযোগ, একটি রাজনৈতিক উত্তরাধিকারকে নতুন সময়ের বাস্তবতায় ফিরিয়ে আনার গল্প।



