বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গত ১৯ মার্চ সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী গৃহবধু বনানী শিকদারের (৩৫) সাথে প্রতিবেশীদের কথা-কাটাকাটি শুরু হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নিহত বনানী শিকদার, (ডানে) স্বজনদের আহাজারি
নিহত বনানী শিকদার, (ডানে) স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

মাদারীপুরের সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে প্রতিবেশী কর্তৃক মারধরের ঘটনায় এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে ওই মারধরের ঘটনা ঘটে।

স্বজন ও এলাকাবাসী জানায়, গত ১৯ মার্চ সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী গৃহবধু বনানী শিকদারের (৩৫) সাথে প্রতিবেশীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার (৬০) উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়েন বনানী শিকদার।

স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা চলছিল তার। গতকাল মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বনানীর মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তোলক শিকদার (৪৪), মনির শিকদার (৩৮) ও রবি শিকদার (৪২) নামে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’