শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইউটিএলের আহ্বায়ক ড. মো: আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব ড. মো: জামাল উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।
এর আগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইয়ুথ উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক শিক্ষার্থী কর্মসূচি শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী প্রোগ্রাম সূচি ও ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ ট্রেজারারের নাম বাদ দেয়া হয়। অনুষ্ঠানটি এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে শাবিপ্রবি এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ইউটিএল বিবৃতিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত কাঠামোগত প্রটোকল অনুযায়ী ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার—এই তিনটি পদ প্রাতিষ্ঠানিক মর্যাদা ও প্রশাসনিক কাঠামোর অপরিহার্য অংশ। অথচ অনুষ্ঠান সংশ্লিষ্ট নথি ও ব্যানারে এ প্রটোকল উপেক্ষা করা হয়েছে, যা কেবল শিষ্টাচার লঙ্ঘনই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গরিমার পরিপন্থী।
বিবৃতিতে আরো বলা হয়, চলতি বছরের স্বাধীনতা দিবসের কর্মসূচিতেও একই ধরনের অনিয়ম লক্ষ্য করা গেছে। ধারাবাহিকভাবে এমন প্রটোকল ভঙের ঘটনা ঘটতে থাকা কোনো বিচ্ছিন্ন ত্রুটি নয়, বরং এটি আয়োজক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়হীনতা এবং দায়িত্ববোধের ঘাটতির প্রতিফলন।
ইউটিএল মনে করে, শাবিপ্রবির দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের সাথে এ ধরনের ঘটনা সাংঘর্ষিক এবং তা প্রতিষ্ঠানের সামগ্রিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে।
এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক প্রটোকল যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে ও প্রাতিষ্ঠানিক গরিমা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো পেশাদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।



