মানুষ, দেশ ও জাতির কল্যাণে বৃক্ষরোপণ কর্মসূচি : আব্দুস সালাম আজাদ

আজ থেকে ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু করেছিলেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি চালু করে দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নেতাকর্মীদের সাথে সংসদ সদস্য
নেতাকর্মীদের সাথে সংসদ সদস্য |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন,

‘মানুষ, দেশ ও জাতির কল্যাণে বৃক্ষরোপণ কর্মসূচি। তাই দেশের উন্নয়ন ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো বিভেদ নয়, সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানকে দেশ পরিচালনার কাজে সকলের সহযোগিতা করতে হবে। যাতে তার নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।’

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের ঘোরদৌড় এলাকায় লৌহজং উপজেলা বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘আজ থেকে ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু করেছিলেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি চালু করে দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। আজকে দেশের গ্রামাঞ্চলের যেদিকে তাকাই প্রায় প্রতিটি বাড়িতেই শুধু গাছ আর সবুজ বনায়ন।’

তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে মরুভূমির হাত থেকে বাঁচাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের বিপ্লব শুরু করেছিলেন। বর্তমান সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান যে ঘোষণাগুলো করছেন, সেগুলো ছিল তার বাবার। তিনি যে কর্মগুলো হাতে নিয়েছেন, এই কর্মগুলো ছিল তার বাবার। জনগণের প্রতি যে চিন্তা-চেতনা তারই বহিঃপ্রকাশ করেছিলেন জিয়াউর রহমান, আর সেই ধারাবহিকতা রক্ষা করছেন এই সরকারের জননেতা তারেক রহমান।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির পরিচালনায়

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো: বাবুল সারেং, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, স্থানীয় বিএনপি নেতা সাগর বেপারী, আজিজুল জলিল জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম খান দোলন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানসহ লৌহজং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।