পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন।
শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ এবং উদ্যোগই পারে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখতে। আসুন, আমরা সবাই নদী রক্ষায় এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা উপহার দিই।
এসময় রাসিক প্রশাসক ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও আয়োজকদের ধন্যবাদ জানান।
মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সী অন্তত ৫০০ জন মানুষ এতে অংশ নেন। তাদের মধ্যে শতাধিক নারী অংশগ্রহণকারী ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, ম্যারাথনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক জুলফিকার আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সাথে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। নদী রক্ষার দাবি শুধু পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সাথে সরাসরি সম্পর্কিত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।



