সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমির ধান পার্শ্ববর্তী দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তার গরুকে খাওয়াচ্ছেন। এমন খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে এ বিষয়ে বেলাল উদ্দিনকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে চলে যান।
পরে জহুর উদ্দিন নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত বেলাল উদ্দিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জহুর উদ্দিনকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন হোসনে আরা বলেন, আমার ভাই খুবই সহজ-সরল মানুষ ছিল, কিছুই বুঝত না। আমার ভাইকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



