কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) চুরির মামলায় তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়।
আটক ফারুক দাউদকান্দির মালিখিল এলাকার ধানুমিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনূর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে ফারুক মহাসড়কের রায়পুর এলাকায় একটি এআই ক্যামেরার খুটিতে ওঠার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন। হাইওয়ে পুলিশ তাকে সেখান থেকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এআই ক্যামেরা চুরি সংক্রান্ত কোনো অভিযোগ না দেয়ায় পুরাতন একটি চুরির মামলায় ফারুকে বুধবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।



