দাগনভূঞায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
বেইলি ব্রিজের ভাঙা পাটাতন
বেইলি ব্রিজের ভাঙা পাটাতন |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর ও কৃষ্ণরামপুর সংযোগস্থলের বেইলি ব্রিজের পাটাতন ভেঙে অকেজো হয়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে ফাজিলেরঘাট বাজারসংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী সড়কে থাকা বেইলি ব্রিজটি সরিয়ে এনে মোমারিজপুর (পূর্ব) ও কৃষ্ণরামপুর (পশ্চিম) এলাকার যোগাযোগের জন্য স্থাপন করা হয়। দাগনভূঞা, সোনাগাজী ও ফেনী সদরে যাতায়াতের জন্য সেতুটি স্থানীয়দের একমাত্র ভরসা।

তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে লোহার পাতে মরিচা ধরা, অতিরিক্ত গাড়ির চাপ এবং কিছু অংশের পাটাতন উঠে যাওয়ায় সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। কিছুদিন আগে সাময়িকভাবে মেরামত করা হলেও বর্তমানে সেতুটির অবস্থা এতটাই নাজুক যে মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়েও পার হওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেতুটি অকেজো হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।

ফাজিলেরঘাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফুল জানায়, ব্রিজ পার হয়ে তাদের স্কুলে যেতে হয়। কিন্তু বর্তমানে হেঁটেও ব্রিজ পার হতে ভয় লাগে।

সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। জেলে পাড়ার মাছ বিক্রেতা শ্যামল দত্ত জানান, ভ্যান নিয়ে ব্রিজের ওপারে গিয়ে মাছ বিক্রি করতে না পারায় তার বেচাকেনা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সিএনজিচালক সিরাজ জানান, আগে সরাসরি ফাজিলেরঘাট হয়ে ফেনী ও দাগনভূঞায় যাওয়া গেলেও এখন মাতুভূঞা বা বেকেরবাজার দিয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে।

স্থানীয় খুচরা ব্যবসায়ী মো: রুবেল ও তরুণ উদ্যোক্তা রেজাউল হাসান জানান, পণ্য ও কৃষিপণ্য পরিবহনের গাড়ি ব্রিজের এপারে আসতে না পারায় বিকল্প পথে মালামাল আনতে হচ্ছে। এতে অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে এবং উৎপাদন খরচও বেড়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।