সমন্বিত জুডিশিয়াল কমপ্লেক্সের দাবি

আদালত পৃথকীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জে আইনজীবীদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক স্থানে স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও ‘আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে আইনজীবীদের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জে আইনজীবীদের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক স্থানে স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও ‘আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’।

আদালত পৃথক করা হলে বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং আইনজীবীদের চরম ভোগান্তি পোহাতে হবে উল্লেখ করে বর্তমান আদালত প্রাঙ্গণেই একটি একীভূত বা সমন্বিত জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যানারে ‘আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দের প্রতি এই আকুল আবেদন ও যৌথ দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আইনজীবী অধিকার রক্ষা পরিষদের আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট এম এ হাফিজ মোল্লাহ্ লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় ৩৯ লাখ। প্রতিদিন এই বিপুল জনগোষ্ঠীর প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ ন্যায়বিচারের আশায় আদালত প্রাঙ্গণে যাতায়াত করেন। যেখানে সারা দেশের নিম্ন আদালতগুলোতে ৪০ লাখের মামলা বিচারাধীন, সেখানে নারায়ণগঞ্জের আদালতগুলোতেও বিপুল সংখ্যক মামলার চাপ রয়েছে।

নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে বিচারিক কাঠামোকে আরো বিভক্ত করা হলে বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও শ্রমের অপচয় হবে। একই সাথে মামলা নিষ্পত্তি এবং বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতা দেখা দেবে। তাছাড়া নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজটের কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের যাতায়াত ব্যাহত হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।

আইনজীবী সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরে বলা হয়, আলাদা স্থানে আদালত স্থানান্তর না করে বর্তমান নতুন কোর্ট ভবনের আশেপাশে থাকা গণপূর্ত বিভাগের জমি, দক্ষিণ ও পশ্চিম পাশের খালি জায়গা এবং প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত ফকির গ্রুপের জমি আইনানুগভাবে অধিগ্রহণ করে একটি আধুনিক সমন্বিত জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব। যেখানে একই ছাদের নিচে জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ দেওয়ানি, ফৌজদারি ও অন্যান্য বিশেষায়িত আদালতসমূহ পরিচালনা করা যাবে।

সংবাদ সম্মেলনে আইনজীবীদের পক্ষ থেকে প্রধান ৪টি দাবি তুলে ধরা হয়

১. নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে কোনো অবস্থাতেই পৃথক স্থানে স্থানান্তর করা যাবে না।

২. বর্তমান কমপ্লেক্সকে কেন্দ্র করে প্রয়োজনীয় জমি একীভূত করে আধুনিক সমন্বিত জুডিশিয়াল কমপ্লেক্স নির্মাণ করতে হবে।

৩. এই লক্ষ্যে গণপূর্ত বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত কারিগরি সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন করতে হবে।

৪. দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নারায়ণগঞ্জের সকল আদালতকে একই স্থানে রাখার নীতি বজায় রাখতে হবে।

অ্যাডভোকেট হাফিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, জাহাঙ্গীর দেওয়ান, ইসরাফিল হোসাইন, এ সামাদ মোল্লা, নিজাম উদ্দিন, শাহজাহান মোড়ল, গোলাম সারওয়ার, আকতার হোসেন, ওসমান খান, আফরোজা বেগম, মাসুদুর রহমান, ওমর ফারুক প্রিন্স, শাহ আলম, অ্যাডভোকেট নাসির উল্লাহসহ অন্যান্য আইনজীবীগণ।