মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
প্রশাসনের অ্যাকশন
প্রশাসনের অ্যাকশন |নয়া দিগন্ত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছে অন্তত চারজন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিনঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা হয়েছে চারটি মোটরসাইকেল।

আহতরা হলেন ওই গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে সজিব হাওলাদার, একই গ্রামের চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, খালেক বেপারীর ছেলে রানা বেপারী ও একই এলাকার মো: রাশেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যার দিকে চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদারের সমর্থক খালেক বেপারীর ছেলে রানা বেপারীর ওপর হামলা চালায় ‘নতুন মাদারীপুর’ গ্রামের হাসান মুন্সি পক্ষের শাকিব, টুটুলসহ ১০-১৫ জন কিশোর। হামলায় রানা বেপারীর ডান হাত ভেঙ্গে যায়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত চারজন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।’

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।