যশোরের শার্শায় ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির পর এক সন্ত্রাসী হামলায় আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে বেনাপোলের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
নিহত আব্দুল হাই উপজেলার ডুপপাড়া গ্রামের হারান হরকরার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রাসেল মিয়া বলেন, ‘ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দু’ সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এ সময় চার-পাঁচজনের একটি সন্ত্রাসীদল মোটরসাইকেলযোগে এসে আব্দুল হাইয়ের ওপর ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলে মারাত্মক আহত হাইকে উদ্ধার করে স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আব্দুল হাইয়ের লাশ ময়নাতদন্তের জন্য রোববার যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আটকে পুলিশি অভিযান চলছে বলে জানান বেনাপোল পোর্ট থানা ওসি রাসেল মিয়া।



