দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে ট্রলিচালক মো: রাসেল সোনার (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
নিহত ট্রলিচালক রাসেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে দেন। ফেরার পথে মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের মুক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলিচালক রাসেল ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ট্রলির নিচ থেকে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি রাস্তার কেন্দ্রস্থল হওয়ায় সড়কের ওই অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। সেখানে বাঁক ও সংযোগ সড়ক থাকা সত্ত্বেও মূল সড়কে যানবাহন প্রায়ই উচ্চগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন ও গতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এ সময় উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম ও খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’



