চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবা-মাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পূর্ব গুজরা এলাকার বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। আটক হওয়া তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তের (৪২) বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবা-মার সাথে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর পারিবারিক বিরোধ হয়। এর একপর্যায়ে রিমন ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশকে এলোপাতাড়ি আঘাত করেন। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন রিমন।
ছুরিকাঘাতের পর ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। শনিবার বাড়িতে ফেরার পর হঠাৎ করেই তিনি মা-বাবার ওপর হামলা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে ভয়াবহ ঘটনাটি ঘটে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ও হাসপাতাল থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



