ভারতের উজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারো দ্রুত বাড়তে শুরু করেছে। ভারতের গজলডোবা ব্যারাজের ৫৪টি গেট খুলে দেয়ার পর উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লালমনিরহাটের ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি গেটও খুলে দেয়া হয়েছে।
এর প্রভাবে রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ২২ মিটার রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পানি ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
পানি বাড়তে থাকায় হাতীবান্ধার গড্ডিমারী, সানিয়াজান, সিন্ধুর্না ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা, আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার কালমাটিসহ বিভিন্ন নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দী হওয়ার আশঙ্কায় রয়েছে।
স্থানীয়দের মতে, পানি আরো বাড়লে বসতবাড়ি ও গ্রামীণ সড়কে পানি ঢুকে পড়তে পারে।
গত দুই সপ্তাহে কয়েক দফা বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে পানি বাড়তে থাকায় আমনের বীজতলা, শাকসবজি, বাদাম, পাটসহ বিভিন্ন আবাদি জমি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘উজানের বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বিপৎসীমার ওপরে অথবা এর আশপাশে থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



