কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিরোধপূর্ণ একটি সড়ককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উমরমজিদ গ্রামের আব্দুর সাত্তারের ছেলে (৪০) ও জয়নাল মিয়ার ছেলে নয়ন আলী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় গ্রামের একটি রেকর্ডভুক্ত দখলকৃত সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার ওই সড়কে মাটি কাটার কাজ শুরু করতে গেলে জয়নাল মিয়া ও তার লোকজনের সাথে আব্দুর সাত্তারের ছেলে জিন্নাত আলীর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে জিন্নাত আলী গুরুতর আহত হন। এ ঘটনায় জয়নাল মিয়া (৫৫) ও তার ছেলে নয়ন আলী ও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত জয়নাল মিয়া ও নয়ন আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নয়ন আলীর মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর প্রতিশোধমূলক সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত ১০ জনকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানান।
তিনি আরো বলেন, জনসাধারণকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।



