মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
একই সময়ে কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল সোয়া ৬টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান ও পুলিশ সুপার মো: জসিম উদ্দীন।
এ সময় ফাতেহা পাঠ ও শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুষ্টিয়া পৌর কবর স্থানে বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।



