গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়া এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, গাইবান্ধার সাবেক জেলা আমির, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা: আব্দুর রহিম সরকার। তিনি তার বক্তব্যে ঈদের শিক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাখালবুরুজ ইউনিয়নের কেয়ারটেকার, উপজেলা যুব বিভাগের সভাপতি, সহকারী সেক্রেটারি এবং নাকাই হাট হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা মশিউর রহমান মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখালবুরুজ ইউনিয়ন শাখার সভাপতি মো: আবু হানিফা আকন্দ, সেক্রেটারি মো: রুহুল আমিন শেখ রঞ্জু, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আলী আকরাম রঞ্জুসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দের নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



