খুলনা মহানগরীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর নিউমাকেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান প্রমুখ।
খুলনা নিউ মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমান বলেন, যে লক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দিয়েই জুলাই বিপ্লব হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়েই আপনি এখন ক্ষমতায়। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি। তাই স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে তারা আপনাকে ছাড়বে না। তাই সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে।



