পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

পাকুন্দিয়ায় ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরো তিনজন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩
পাকুন্দিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩ |নয়া দিগন্ত

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে উপজেলার বড় আজলদী এলাকার এগারসিন্দুর কোল্ড স্টোরেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন—উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোহাম্মদের ছেলে নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ারা (৫৮)। এ ঘটনায় তাদের মেয়ে মার্জিয়া আক্তার গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত অপর দুজন হলেন—একই ইউনিয়নের তালতলা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মাহিম (১৭) এবং এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সোয়া ৩টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের জমিতে পড়ে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই অটোরিকশা যাত্রীর লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া আহত তিনজনকে চিকিৎসার জন্য পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: তাওহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহিম নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দেয়া হয়েছে। গুরুতর আহত মার্জিয়া নামে এক নারীকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জাহাঙ্গীর নামের একজন এখানে চিকিৎসাধীন রয়েছেন।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’