উত্তপ্ত ময়মনসিংহের রাজনীতি

বৈশাখের অনুষ্ঠানে এমপিকে যেতে বাধা-হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পরিকল্পিতভাবে বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
বৈশাখের অনুষ্ঠানে এমপিকে যেতে বাধা-হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
বৈশাখের অনুষ্ঠানে এমপিকে যেতে বাধা-হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে |নয়া দিগন্ত

পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পরিকল্পিতভাবে বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

তিনি এ ঘটনার জন্য সরাসরি বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের দায়ী করে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি অভিযোগ করেন, তারাকান্দায় বৈশাখী অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবরোধ করা হয়। এ সময় তার সাথে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হলে ১৫ জন আহত হন।

তিনি বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। আমাকে জনসম্মুখে হেয় করতে এবং এলাকায় অস্থিতিশীলতা তৈরি করতেই এ হামলা চালানো হয়েছে।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকেলে পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এমপির সব অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

তিনি বলেন, অনুষ্ঠানে কোনো হামলার ঘটনা ঘটেনি; সামান্য ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি তিনি নিজেই নিয়ন্ত্রণে আনেন।

তিনি অভিযোগ করেন, এমপি ইচ্ছাকৃতভাবে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন। ঘটনার প্রকৃত চিত্র জানতে সিসিটিভি ফুটেজ প্রকাশের আহ্বান জানান তিনি।