এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই ফয়সালা করবে

‘সংসদে গিয়ে আমরা ১১ দলীয় জোটের এমপিরা গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ গ্রহণ করেছি। কিন্তু বিএনপি সেই শপথ নেয়নি; বরং সংসদে গিয়ে বেশ কয়েকটি মৌলিক অধ্যাদেশ বাতিল করেছে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম
সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, ‘৭০ শতাংশ জনগণ গণভোটে যে রায় দিয়েছেন, সেটি বাস্তবায়ন করা হলে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই এর ফয়সালা করবে।’

শুক্রবার (১ মে) রংপুর মডেল কলেজের হলরুমে জামায়াতের রংপুর মহানগর ও জেলার শাখার বাছাইকৃত রুকনদের নিয়ে তিন দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে, শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন এ টি এম আজহার। এ সময় তার সাথে ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এ টি এম আযম খান, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সহকারী সেক্রেটারি আলা আমিন হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।

এ টি এম আজহার এমপি বলেন, ‘সংসদে গিয়ে আমরা ১১ দলীয় জোটের এমপিরা গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ গ্রহণ করেছি। কিন্তু বিএনপি সেই শপথ নেয়নি; বরং সংসদে গিয়ে বেশ কয়েকটি মৌলিক অধ্যাদেশ বাতিল করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি, সংসদ থেকে ওয়াকআউট করেছি এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করছি।‘

তিনি বলেন, ‘এখন সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করছি, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন হয়। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথের কর্মসূচি চলবে। কারণ জনগণের দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেটিকে ব্যর্থ হতে দেয়া হবে না।’