খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধেনু নদী থেকে ভাসমান অবস্থায় মিলন মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় লিমন মিয়ার লাশ ভাসমান অবস্থায় লেপসিয়া লঞ্চঘাটের পাশে খেয়াঘাটের পূর্ব পাড়ে ধেনু নদী থেকে উদ্ধার করা হয়।
নিহত মিলন মিয়া মরহুম মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মিলন মিয়ার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে।
পুলিশ ও স্থানীয় জনগণের মাধ্যমে জানা যায়, মিলন মিয়া ১৫-২০ দিন ধরে এমবি আহম্মদ শাহ-২ বাল্কহেডে বাবুর্চি হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওই বাল্কহেডটি খালিয়াজুড়ি থানাধীন লেপসিয়া বাজারের লঞ্চঘাটে নোঙর করা ছিল। এ সময় লঞ্চঘাটের বাজার থেকে মাছ নিয়ে আসার পর বাল্কহেডের পেছনে বসে মাছ কাটছিলেন মিলন মিয়া। এ সময় হঠাৎ করে তিনি পানিতে পড়ে যান।
খবর পেয়ে লেপসিয়া বাজারের নৌ-পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনগণের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করার পরেও মিলন মিয়ার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লিমন মিয়ার লাশ ভাসমান অবস্থায় লেপসিয়া লঞ্চঘাটের পাশে খেয়াঘাটের পূর্ব পাড়ে ধেনু নদীতে পাওয়া যায়। খবর পেয়ে লেপসিয়া বাজারের নৌ-পুলিশের এসআই নাসির উদ্দীন তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খালিয়াজুড়ি থানায় নিয়ে আসা হয়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিধি মোতাবেক শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



