সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান সার ডিলারদের বলেন, ‘কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে মজুত করা যাবে না। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করাও যাবে না। কৃষকের অধিকার নিশ্চিত করতে সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা যাবে না।’
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, ‘মাঠপর্যায়ে কৃষকদের কাছে সার সঠিকভাবে বিতরণ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। এ ক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষকদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সাথে শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।’
তিনি বলেন, ‘কৃষির উন্নয়ন শুধু কৃষকের একার দায়িত্ব নয়। কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কৃষক যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ পেতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সময়মতো কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।’
মতবিনিময় সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: রিপন হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ।
এ ছাড়া সভায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলার, উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



