নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে গেছে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সুবর্ণচর ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কোল্ড কর্নার, ওষুধের দোকান, ফলের দোকান, মুদি দোকান, ভাঙারি দোকানসহ ২৪টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, ‘আগুনে ২০ জন মালিকের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’



