রাজবাড়ীর গোয়ালন্দে হাম ও রুবেলা রোগে আরিশা নামে ১০ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গোয়ালন্দ পৌরসভার ১নম্বর ওয়ার্ড বক্স ফকির পাড়ার উজ্জল ফকিরের মেয়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যালে তার মৃত্যু হয়। এদিন শিশুটির ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার পর রাত সারে ৮টায় হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
জানাজা শেষে শিশুটির বাবা উজ্জল ফকির এ তথ্য নিশ্চিত করে জানান, তার কন্যা শিশুটি প্রায় এক মাস আগে এ রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে তার অবস্থা আরো খারাপ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
জানাজায় উপস্থিত গোয়ালন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন বলেন, হাম ও রুবেলা রোগে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তেমন কোনো চিকিৎসা না থাকায় এ রোগে আক্রান্ত শিশুদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এতে করে ওইসব হাসপাতাল এই উপজেলার কতগুলো শিশু মারা গেছে তার সঠিক তথ্য হয়ত আমরা জানি না।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মারুফ হাসান বলেন, সারাদেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এই প্রথম গোয়ালন্দে কোনো শিশু মৃত্যুর তথ্য পাওয়া গেলো।
এর আগে গোয়ালন্দে এ রোগে আক্রান্ত কোন শিশুর মৃত্যু হয়েছে কিনা আমার জানা নাই। তবে এ রোগের লক্ষণ নিয়ে কোনো শিশু হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যত্র পাঠানো হয়।



