পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। এতে এর পর থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বুধবার দুপুর ১টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক যাত্রী বলেন, সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকিট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান। এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, নোয়াপাড়া স্টেশন থেকে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসাবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।



