ভূরুঙ্গামারীতে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন‍্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ছিনতাই
ছিনতাই |প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রিম উদ্দিন (৬৫) নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ভূরুঙ্গামারী ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত করিম উদ্দিন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের সবজি বিক্রেতা।

আহত ব্যক্তির স্বজনরা জানায়, করিম উদ্দিন শনিবার সবজির দোকান বন্ধ করে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। তিনি মিলনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালান। এ সময় দুর্বৃত্তরা তার প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। করিম উদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন‍্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন বলেন, ‘আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।