চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) নবনির্মিত রহমতপুর বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। সীমান্তে নজরদারি জোরদার এবং চোরাচালান, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিওপির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এছাড়া বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রামগড় ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম জানান, ১৭৯৫ সালে রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে রামগড় ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে দায়িত্ব পালন করছে।
তিনি আরো জানান, সীমান্ত নিরাপত্তা আরো সুদৃঢ় করতে রহমতপুর বিওপি নির্মাণ করা হয়েছে। এটি চালু হওয়ায় ফটিকছড়ির সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা আরো কার্যকর হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র ও মাদকপাচারসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



