কালকিনিতে তরুণীর গলা কাটলো প্রেমিক: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের ডাকে গিয়ে গলা কেটে গুরুতর আহত হওয়া তরুণী অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
অভিযুক্ত ঘাতক বায়জিদ
অভিযুক্ত ঘাতক বায়জিদ |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের ডাকে গিয়ে গলা কেটে গুরুতর আহত হওয়া তরুণী অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত প্রিয়া আক্তার (২০) কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে।

জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঈদ শপিংয়ের কথা বলে প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় তার কথিত প্রেমিক বায়জিদ। পরে ভুরঘাটা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে সে। এতে প্রিয়ার গলার একটি বড় অংশ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর অভিযুক্ত ঘাতক বায়জিদ তার খালা তমাকে সাথে নিয়ে আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশলে পালিয়ে যায়। এ সময় প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি মারা যান।

নিহতের পরিবার এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, ‘অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক বায়জিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।