জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পদযাত্রাটি এক সমাবেশে মিলিত হবে।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি শহরেই নেতারা এনসিপির রাজনৈতিক দর্শন, ‘জুলাই অভ্যুত্থান’র গুরুত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লক্ষ্য তুলে ধরেন।
আগামী ২৫ জুলাই সিলেটের পদযাত্রা নিয়ে নগরজুড়ে বাড়ছে কৌতূহল, আলোচনা ও প্রত্যাশা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টানানো হয়েছে এনসিপির পোস্টার ও ব্যানার। বিশেষ করে তরুণ ও শিক্ষিত শ্রেণির মধ্যে রাজনৈতিক নতুনত্ব ও বিকল্প নেতৃত্ব নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এনসিপির সিলেট পদযাত্রা নিয়ে আলোচনা হচ্ছে।
এতে গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেবেন।
এ বিষয়ে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেটে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন এনসিপির স্থানীয় নেতারা। পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বলেন, গত ১ জুলাই থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জনগণের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।
আগামী ২৫ জুলাই (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। বিকেল ৫টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবেন। এরপর পদযাত্রা শুরু হয়ে নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে।
এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সিলেট জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম দৈনিক নয়া দিগন্তকে বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা। জুলাই আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র এই নগরী। এই শহরে শহীদ সাংবাদিক এটিএম তুরাব ও রুদ্র সেনরা শহীদ হয়েছেন। শহীদ ও আহতদের আত্মত্যাগ আমাদের মূল অনুপ্রেরণা। আমাদের প্রত্যাশা সিলেটের পদযাত্রায় জনতার ঢল নামবে।



