বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে, প্রত্যাশা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

পদ্মায় নৌভ্রমণসহ শিমুলিয়ায় খেললেন ফুটবল

‘আর্জেন্টিনা দলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিস্মিত। মাওয়া-শিমুলিয়া যেখানেই গিয়েছি এখানকার মানুষের আতিথেয়তা অনুভব করেছি।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
শিমুলিয়ায় প্রীতি ম্যাচে অংশ নেন রাষ্ট্রদূতসহ মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতনসহ রাষ্ট্রদূতের সফরসঙ্গীরা
শিমুলিয়ায় প্রীতি ম্যাচে অংশ নেন রাষ্ট্রদূতসহ মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতনসহ রাষ্ট্রদূতের সফরসঙ্গীরা |নয়া দিগন্ত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝে শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে এসে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচে স্বতঃস্ফূর্ত অংশ নেন।

এর আগে তাকে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।

একইসাথে বাংলাদেশের নদী, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ফুটবলের প্রতি এখানকার মানুষের আবেগের চিত্র নিয়ে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণেরও পরিকল্পনার অংশ হিসেবে তার এই ভ্রমণ বলে জানা গেছে।

এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে আর্জেন্টিনা সমর্থকরা প্রিয় দলের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাস নিয়ে দুপুরের পর থেকেই উপস্থিত হতে থাকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে।

শিমুলিয়া ঘাটে অবস্থানকালে রাষ্ট্রদূত সেখানে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা উপভোগ করেন।

ফুটবল খেলা শেষে পদ্মা নদীতে নৌভ্রমণে পদ্মা সেতু ও নদীর অপার সৌন্দর্য উপভোগ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘এখানে আমরা সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটালাম এবং মজা করেছি। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলাকে ধরে রেখে একসময় অনেক ভালো করবে। এটা আমি দেখতে চাই, একদিন বাংলাদেশ জাতীয় দল ফুটবল বিশ্বকাপে খেলবে।’

পদ্মায় নৌভ্রমণ শেষে তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা দলের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিস্মিত। মাওয়া-শিমুলিয়া যেখানেই গিয়েছি এখানকার মানুষের আতিথেয়তা অনুভব করেছি। একইসাথে নৌভ্রমণে পদ্মা সেতু, সূর্যাস্ত এবং নদীর বিশালতা দেখে দারুণ মনোমুগ্ধকর লেগেছে।’

এর আগে বিকেলে শিমুলিয়ায় একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে অংশ নেন রাষ্ট্রদূতসহ মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতনসহ রাষ্ট্রদূতের সফরসঙ্গীরা।

সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের আগমন ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

মুন্সীগঞ্জে বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক থাকায় তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে শিমুলিয়া ঘাটে তার আগমন সমর্থকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত বলেও মন্তব্য করেন এ অনুষ্ঠানের আয়োজকরা।