ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘বিএনপির পরিচয়ে কেউ মাদক ব্যবসা করলে তাকে দলে রাখা হবে না।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে।’
শনিবার (২ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ‘দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল করতে পারবে না। মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। দলের নেতাকর্মীদের দেশের জনগণের সাথে মিলেমিশে ভালো কাজ করতে হবে।’
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।



