মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নয়া দিগন্ত

মাদারীপুরে বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রমজান বেপারী নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক আকন উপজেলার ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে রমজানকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন আশিক। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক ও সহকারী বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।