নওগাঁর পোরশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ এবং ২৫ পরিবারকে খাবার সামগ্রী সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
গত ১৫ মার্চ হওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা সামগ্রী দেয়া হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রত্যেকে নগদ তিন হাজার টাকা, এক বান্ডিল ঢেউটিন, একটি করে কম্বল এবং আংশিক ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে শুকনা খাবার সামগ্রী দেয়া হয়।
উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে প্রাপ্ত ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
এসময় এলজিইডি প্রকৌশলী এ এন এম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, যুবদলের আহ্বায়ক ইকবাল শাহ্সহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।



