কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৮৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গজালিয়ার সাতঘরিয়া পাড়া মসজিদের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ছাবের আহমদ ওই এলাকার মরহুম আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) জুনায়েদ হক জুয়েল বলেন, সাতঘরিয়া পাড়া মসজিদ সংলগ্ন পাকা ধানক্ষেত বুনো হাতি থেকে রক্ষার জন্য আগুন জ্বেলে সারারাত পাহারা দেন ছাবের আহমদ। রাত শেষে ভোরের আলো ফুটে উঠলে মসজিদের আঙ্গিনায় ঘুমিয়ে পড়েন তিনি। এরপর কোনো এক সময় বন থেকে হাতি নেমে এসে তাকে পায়ে পিষে হত্যা করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কারো কোনো মামলা বা অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



