নাটোর-২ আসনের ১১ দলীয় সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, ‘সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত ন্যায়-ইনসাফ ও সুখিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোনো ভয়ভীতি ও ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। দেশের জনগণ সবাই এখন সচেতন। তাদেরকে আর বোকা বানানো যাবে না।’
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারনাকালে বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার সাথে ও পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন।
ইউনুস আলী বলেন, ‘আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো ও কোথায় কী কী প্রয়োজন সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো।’
নির্বাচনী প্রচারনার সময় নাটোর-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর সাথে ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মো: ফজলুর রহমান, নলডাঙ্গা থানা আমির মাওলানা মো: আব্দুর রব, নাটোর শহর শাখার আমির রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক মো: আফতাব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক ড. জিয়াউল হক জিয়া, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন, খাজুরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলেন, জনগণের ভোট বিপ্লব ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায়-ইনসাফ, সৎ, যোগ্য ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয় করার আহ্বান জানায়।



