সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় পর্যটকবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরো চারজন যুবককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের সারীঘাট দক্ষিণপার সরুফৌদ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত মো: তালহা (২৬) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুইটি মোটরসাইকেল যোগে ৫ জন যুবক জৈন্তাপুর উপজেলা সদরের দিকে যাওয়ার পথে জাফলং থেকে সিলেট অভিমুখী একটা পর্যটকবাহী বাসের সাথে সজোরে ধাক্কা খান। এ সময় মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে তালহা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অপর ৪ যুবক গুরুতর জখম হন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
এখানকার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান নয়া দিগন্তকে জানিয়েছেন, দুঘর্টনায় পর্যটকবাহী বাসটি স্থানীয় জনতা হরিপুর বাজারে আটক করে। ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।



