ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

বিএনপি মনোনীত পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে ঈশ্বরদীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী জরুরি সংবাদ সম্মেলন ডেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন।

শহীদুল্লাহ খান, ঈশ্বরদী (পাবনা)

Location :

Ishwardi
ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন ডেকে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন শতাধিক নেতাকর্মী
ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন ডেকে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন শতাধিক নেতাকর্মী |নয়া দিগন্ত

বিএনপি মনোনীত পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে ঈশ্বরদীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী জরুরি সংবাদ সম্মেলন ডেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি এলাকার মেসার্স এ টি এন্টারপ্রাইজের সামনে পৌর সেচ্ছাসেবক দলের সদস্য মাসুম পারভেজ কল্লোলের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার সাহাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমরা বুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে হাসিমুখে সব জুলুম নির্যাতন সহ্য করে ফ্যাসিস্ট হাসিনার আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। অনেকেই আপস করেছেন, কিন্তু আমরা আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করে কখনো কারো সাথে আপস করিনি।

আমরা দলের চেয়ারম্যান ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সব বাধা বিপত্তি উপেক্ষা করে যথাযথভাবে পালন করেছি। কিন্তু আজ যখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে গেছে- তখন সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের পুনর্বাসন করে এবং তাদের সঙ্গে আঁতাত ও আপসকারীদের সাথে নিয়ে পুনরায় আমাদের ওপর একের পর এক জুলুম-নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।

পদত্যাগ কারীদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, রওশন আলম পাপ্পু, রাসেল পারভেজ, আসাদুল ইসলাম আসাদ,কাইসার হামিদ রিবন, ঈশ্বরদী পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ ফারুক,রুমন আলী, এনায়েত আলী, আনিনুল ইসলাম জনি, সাহাপুর ইউনিয়ন সভাপতি রাসেল পারভেজ, ছলিমপুর ইউনিয়ন সেক্রেটারি নাজমুল হোসেন পলাশ, দাশুড়িয়া ইউনিয়নের সহ সভাপতি শেখ সাদী, সাঁড়া ইউনিয়ন সভাপতি রওশন আলম পাপ্পু, মুলাডুলি ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম আশিক, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে বহিষ্কার করেছে দলটি। তাছাড়া দলীয় মনোনীত প্রার্থীর সাথে নির্বাচন না করায় ইতোমধ্যেই ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৬ জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদ।