গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরানীরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং অন্তত চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩) ও বিউটি আক্তার (৫৬)। তবে অভিযুক্ত রুনা বেগমসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো: আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ দল মাদক উদ্ধার অভিযানে যায়। অভিযানের সময় মাদক মামলার আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমের বাসার সামনে সন্দেহভাজনদের আটক করতে গেলে তারা চিৎকার করে লোকজন জড়ো করে। একপর্যায়ে উপস্থিত লোকজন ও মাদককারবারিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশ সাতজনকে আটক করে। এ ঘটনায় কনস্টেবল আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের টঙ্গী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনে বাধা ও হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



