ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে কতিপয় বিএনপি নেতার যোগসাজশে অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ব্যক্তির বাড়ির জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Bhuapur
ভূঞাপুর উপজেলা, টাঙ্গাইল
ভূঞাপুর উপজেলা, টাঙ্গাইল |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে কতিপয় বিএনপি নেতার যোগসাজশে অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ব্যক্তির বাড়ির জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের মৃত ফনি ভূষণের ছেলে সত্যরঞ্জন গোস্বামী কয়েড়া মৌজায় ৪৪০ নম্বর দাগের ১৯ শতাংশ জমি পৈত্রিক সূত্রে পান। তার পাশের বাড়ির মৃত মর্তুজ আলীর ছেলে ফরহাদ হোসেন ২/৩ বছর আগে জমি কিনে অন্যায়ভাবে ভুক্তভোগীর জমি জবরদখলের চেষ্টা করে আসছে এবং গত ১৮ এপ্রিল সীমানার খুঁটি উপড়ে ফেলে ফরহাদ হোসেন ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

অভিযোগ করা হয়, সত্যরঞ্জনের জমি দখল নিতে সহযোগিতা করেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরো ১০/১২জন স্থানীয় বিএনপি নেতাকর্মী।

এদিকে, অবৈধভাবে ফরহাদ হোসেন অসহায় হিন্দু সম্প্রদায়ের সত্যরঞ্জনের পৈত্রিক সম্পত্তি জবরদখল করায় ন্যায় বিচার চেয়ে জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন।

ভুক্তভোগী সত্যরঞ্জন জানান, ফরহাদ হোসেন তার প্রতিবেশী। সে একজন প্রভাবশালী লোক। তিনি বিএনপির কিছু নেতাদের সাথে নিয়ে জমি পরিমাপের নামে অবৈধভাবে তার বাপ-দাদার পৈত্রিক বাড়ি জোরপূর্বক দখল করে উচ্ছেদের

চেষ্টা করছে। ইতোমধ্যে বাড়ির পূর্বের সীমানা তুলে ফেলে প্রতিপক্ষ ফরহাদ হোসেন ইচ্ছেমতো আমাদের জায়গায় খুঁটি স্থাপন করছে।

তিনি আরো জানান, শুধু তাই নয়, প্রতিবাদ ও বাধা প্রদান করতে গেলে তাকে নানা রকম ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ নিয়ে স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, ওই পক্ষ না বুঝে অভিযোগ করছেন। তার জমি দখল নেয়া হয়নি এবং কোনো হুমকিও দেয়া হয়নি। অযথা মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মণ্ডল বলেন, ‘সে পারলে ইউএনও-এসিল্যান্ড দিয়ে জমি পরিমাপ করুক। পরে ফরহাদ ২ ফুট কম দিলেও আপত্তি নেই। অপর বিএনপি নেতা রফিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’