রাঙ্গামাটির মাইনীমুখ বাজারের প্রবেশপথে ময়লার স্তূপ : জনসাধারণের ভোগান্তি

রাঙামাটির লংগদু উপজেলার ব্যস্ততম মাইনীমুখ লঞ্চঘাট ও বাজারে প্রবেশের রাস্তার দুই পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
রাঙ্গামাটির মাইনীমুখ বাজারের প্রবেশপথে ময়লার স্তূপ
রাঙ্গামাটির মাইনীমুখ বাজারের প্রবেশপথে ময়লার স্তূপ |নয়া দিগন্ত

রাঙামাটির লংগদু উপজেলার ব্যস্ততম মাইনীমুখ লঞ্চঘাট ও বাজারে প্রবেশের রাস্তার দুই পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। প্রতিদিন হাজারো মানুষ ও ব্যবসায়ীর বাজারে যাতায়াতের রাস্তাটি ময়লা আবর্জনায় ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মাইনীমুখ লঞ্চঘাট লংগদু উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন নৌপথ ও সড়কপথে বিভিন্ন এলাকা থেকে মানুষ এ ঘাট দিয়ে আসা-যাওয়া করে। কিন্তু বাজারে ঢোকার মূল রাস্তাতেই স্তূপ করে রাখা হয়ে আবর্জনা, যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটের সড়কের দুপাশে প্লাস্টিক, পচা সবজি, ডাব ও আনারসের খোসা, মাছের বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লা ফেলে রাখা হয়েছে। অনেক জায়গায় ময়লা জমে ছোট ছোট ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পথচারী ও ব্যবসায়ীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, মাইনীমুখ একটি বড় বাজার। কিন্তু এ বাজারে নিয়মিত ময়লা অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রতিদিনই এ বাজারে ময়লার স্তূপ বাড়তে থাকে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত সময়ের মধ্যে বাজার এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা না হলে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বাড়তে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।