চন্দনাইশে কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

স্ত্রীর পরকিয়া নিয়ে আগে থেকেই স্বামী সেলিমের সাথে বিরোধ ছিল। সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী নুরহাবাকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে তার স্ত্রী গুরুতর আহত হন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
আটক অভিযুক্ত মো: সেলিম
আটক অভিযুক্ত মো: সেলিম |নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ার জের ধরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো: সেলিমকে (২৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নুরহাবা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মরহুম এরশাদ উল্ল্যাহর মেয়ে। আটক অভিযুক্ত স্বামী সেলিম একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। সেলিম পেশায় দিনমজুর ছিলেন। তারা বর্তমানে চন্দনাইশ পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় একটি টিনশেড বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: সাইফুল। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্ত্রীর পরকিয়া নিয়ে আগে থেকেই স্বামী সেলিমের সাথে বিরোধ ছিল। সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী নুরহাবাকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে তার স্ত্রী গুরুতর আহত হন। পরে সেলিম ও স্থানীয়রা তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।