জ্বালানি প্রতিমন্ত্রী

সরকারকে খুশি করতে নয়, জনগণের কল্যাণে সংবাদ প্রকাশ করুন

‘বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হওয়ায় সাংবাদিকতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত |নয়া দিগন্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সংবাদ অবশ্যই সত্য ও বস্তুনিষ্ঠ হতে হবে। সরকারকে খুশি করার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য সংবাদ প্রকাশ করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসনামলে অনেক সময় রাজনৈতিক প্রভাবের কারণে সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যমকে আরো স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

শনিবার (২০ জুন) যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ ২০-২২ জুন পর্যন্ত চলবে। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর হওয়ায় সাংবাদিকতার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন অপরিহার্য হয়ে উঠেছে। এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরো নির্ভুল, সময়োপযোগী ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল কাজ।’

তিনি প্রবীণ সাংবাদিকদেরও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। যাতে তারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন। তার মতে, প্রযুক্তির ব্যবহার বাড়লেও সংবাদ পরিবেশনে নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।