সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে মোজাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
মোজাহিদুল ওই গ্রামের ভাটাশ্রমিক শহীদ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল মোজাহিদুল, তার মা এ সময় ব্যস্ত ছিলেন রান্নাঘরে। রান্না শেষে বাড়ির পাশে পুকুরে হাড়ি পাতিল পরিষ্কার করতে যেয়ে সন্তানকে পানিতে ভাসতে দেখেন মা। প্রতিবেশীদের সহায়তায় মোজাহিদুলকে পানি থেকে তুলে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।



