পদ্মাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকা

পদ্মাসেতু দিয়ে সাধারণ মানুষের ঈদযাত্রা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অত্যন্ত নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় হওয়ার পাশাপাশি টোলপ্লাজা ছিল যানজটমুক্ত।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
পদ্মাসেতুর টোল প্লাজা
পদ্মাসেতুর টোল প্লাজা |নয়া দিগন্ত

ঘরমুখো মানুষের ঈদযাত্রার শেষদিনে পদ্মাসেতুতে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৭৯টি যানবাহন পারাপার করেছে। এসময় মাওয়া জাজিরা প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে চার কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৮মে) বেলা ১২টার দিকে পদ্মাসেতুর সাইট অফিস থেকে নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় দৈনিক নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেন।

ঈদযাত্রার শেষ মুহূর্তে অর্থাৎ ঈদের আগের দিন সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ের এসব তথ্য নিশ্চিত করে তিনি আরো জানান, এ সময় মাওয়া প্রান্ত দিয়ে ২৪ হাজার ৫৩৬টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১৪ হাজার ৫৪৩টি গাড়িসহ দু’প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ৩৯ হাজার ৭৯টি। এসময় মাওয়া প্রান্তে টোল আদায় হয় দুই কোটি ৫১লাখ ৬২ হাজার ৯৫০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্তে টোল আদায় হয় এক কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা। এতে উভয়প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে চার কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

তবে ঈদের দিন আজ বৃহস্পতিবার টোলপ্লাজাগুলো অনেকটাই ফাঁকা ছিলো বলে জানান তিনি।

এদিকে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টোল ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পদ্মাসেতু দিয়ে সাধারণ মানুষের ঈদযাত্রা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অত্যন্ত নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় হওয়ার পাশাপাশি টোলপ্লাজা যানজটমুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।